দাসপুরে এক বিরল প্রজাতির সাদা সাপ ঘিরে চাঞ্চল্য এলাকায় - The News Lion

দাসপুরে এক বিরল প্রজাতির সাদা সাপ ঘিরে চাঞ্চল্য এলাকায়




দি নিউজ লায়ন ;   পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকার খাঞ্জাপুর থেকে উদ্ধার হওয়া দুধ সাদা রঙের এক বিরল প্রজাতির শ্বেত কালাচ সাপকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়ালো। দাসপুর থানার খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা হারাধন হাজরার বাড়ির সংলগ্ন শিব মন্দিরে সাপটি নজরে আসে। বাঁশের বেড়া দিয়ে ঘেরা ওই মন্দিরে শিবের অনুচর নন্দীর কংক্রিট মূর্তির আড়ালে আশ্রয় নিয়েছিল বিরল প্রজাতির সাদা সাপটি। 


মঙ্গলবার  সাদা রঙের একটি সাপকে মূর্তির পাশে দেখতে পান হারাধন হাজরা। খানিকটা আতঙ্কিত হয়ে পড়েন। গ্রামবাসীদের দেখাতে অনেকেই আবার ঠাকুরের সাপ মনে করে ভক্তি শ্রদ্ধা দেখাতে শুরু করেছিলেন।গ্রামের কিছু শুভানুধ্যায়ী মানুষ বিষয়টি বনদপ্তরে জানায়। বুধবার বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।


বন দফতরের সুলতানপুর রেঞ্জের রিকভারি টিমের সদস্য মলয়  ঘোষ জানিয়েছেন "এটি বিরল প্রজাতির শ্বেত সাপ কালাচ সাপ। প্রায় সাড়ে চার ফুট লম্বা সরু সাদা সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। কালাচ সাপ সাধারন ভাবে কালো হলেও জিন গত অসামঞ্জস্য কারনে সাধারন ভাবে কিছু কালাচের রঙ ধবধবে সাদা হয়ে যায়। বাংলায় দুধে খরিস কিংবা শাঁখামুঠি জাতীয় আরও দুটি সাদা বা সাদাটে সাপ দেখা যায় কিন্তু তার কোনোটাই শ্বেত কালাচের মত ধবধবে সাদা নয়।"


সর্প বিশারদদের মতে শ্বেত কালাচ কোনও আলাদা প্রজাতি এমনটা প্রমান মেলেনি বরং তার সমস্তটাই সাধারন কালো কালাচের মতই এবং এটি আদতে কালাচ সাপই। জিনের ব্যতিক্রমী আচরনে এর গাত্র বর্ণ সাদা হয়ে পড়েছে যা অত্যন্ত বিরল ঘটনা হয়ত হাজারে বা লাখে একটি এমন ব্যতিক্রম হয়ে থাকে। কিন্তু এটা হয়ে থাকে বলেই এর নামকরন হয়ে আছে শ্বেত কালাচ। 


গত তিনবছরে পশ্চিম মেদিনীপুরের কয়েকটি জায়গায় এরকম তিন থেকে চারটি সাপের সন্ধান মিলেছে বলে বন দফতর সূত্রে জানা যায়। তিনি আরও বলেন "যে অত্যন্ত বিষধর এই কালাচ সাপ যার কামড়ে বাংলায় প্রচুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সাদা সাপ বলে অহেতুক কৌতূহল না দেখানো উচিত বরং সাপটিকে লোকালয়ের বাইরে চলে যেতে ব্যবস্থা করে দেওয়ায় শ্রেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.